ঝিনাইদহের কালীগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আফতাব হোসেন (৫৮) নামে পল্লী চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয় ও ভুক্তভোগী শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
অভিযুক্ত আফতাব হোসেন উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা ও ওই গ্রামের মৃত হাজের আলীর জামাতা। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে ওই গ্রামে বসবাস করছেন এবং মনোহরপুর বাজারে তার একটি পল্লী চিকিৎসাকেন্দ্র রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে ভুক্তভোগী শিশুটি তার দাদির জন্য ওষুধ আনতে আফতাব হোসেনের বাড়িতে যায়। ওই সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান আফতাব। একপর্যায়ে আপত্তিকর স্পর্শ করলে শিশুটি কৌশলে “বাইরে বাবা দাঁড়িয়ে আছে” বলে সেখান থেকে দ্রুত পালিয়ে বাঁচে। বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনাটি খুলে বললে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত আফতাবকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। স্থানীয়দের দাবি, আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে এমন যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় আফতাব হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে।
এদিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির প্রাথমিক পরীক্ষায় ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে। হাসপাতাল থেকে তাকে কাউন্সেলিং করা হয়েছে এবং উন্নত পরীক্ষা ও ভেজাইনাল সোয়াব নমুনা সংগ্রহের জন্য তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


