আবারও পর্দায় ফিরছে দেশের সবচেয়ে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। জনপ্রিয় শোটির দ্বিতীয় সিজন শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। আগের সিজনে টিভি ও ডিজিটাল—সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ অর্জনের পাশাপাশি প্রতিযোগীরা জিতেছেন ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার। সেই সাফল্যের ভিত্তিতেই এবারের সিজনে থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার।
শো-টির সঞ্চালনায় আবারও থাকছেন তাহসান এবারের সিজন পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। নতুন সিজনের একটি উল্লেখযোগ্য দিক হলো—প্রশ্ন তৈরির জন্য সার্ভে করা হয়েছে বাংলাদেশের সব ৬৪টি জেলায়। তাহসান বলেন, এবারের সিজনটি অনেক বড় পরিসরে আয়োজন করা হয়েছে এবং সারাদেশ থেকে নেওয়া সার্ভের কারণে প্রশ্ন ও উত্তরগুলো হয়েছে আরও মজার ও চমকপ্রদ। এতে প্রতিটি পর্বই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসবে।
প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ প্রচারিত হবে। যারা নিয়মিত পর্ব মিস করবেন, তারা প্রতি বুধবার দুপুর ১টায় পুনঃপ্রচার দেখতে পারবেন। পাশাপাশি, বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে শো-টি যে কোনো সময় সম্পূর্ণ ফ্রি-তে উপভোগ করার সুযোগ থাকছে।


