আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু
জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমীর খসরু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে একটি রেইনবো নেশন, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।’

শুক্রবার চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর স্মরণে আয়োজিত জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সমিতি।

ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমীর খসরু বলেন, ‘তিনি কেবল একজন মহাপণ্ডিত ছিলেন না বরং মানবসেবা ও শান্তি বিস্তারের এক অনন্য কাণ্ডারি ছিলেন। তার দর্শন ছিল অনাথদের সেবা করা এবং অপরের সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া’।

‘ধর্মের এই সেবামূলক বাণী রাজনীতিরও মূল চালিকাশক্তি হওয়া উচিত ছিল, কিন্তু বর্তমান রাজনীতি সেই শান্তির পথ থেকে অনেক দূরে সরে গেছে’ মন্তব্য করে এই নেতা বলেন, ‘বিএনপি বর্তমানে দেশে সেই স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহাবস্থান ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন

বক্তব্যে আমীর খসরু বিএনপির ‘রেইনবো নেশন’ দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া এই অনন্য ধারণা দিয়ে গেছেন। একটি রংধনু যেমন অনেক রঙের সমন্বয়ে সুন্দর হয়ে ওঠে, তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম, ভাষা এবং ইতিহাস থাকবে, কিন্তু দেশ হবে সবার। বিএনপি এমন এক লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের পরিচয় হবে কেবল বাংলাদেশি।’

তিনি আরও বলেন, ‘ড. জ্ঞানশ্রী মহাথেরোর মতো মহাপুরুষদের বাণী কেবল মুখে বললেই হবে না, তা বাস্তব জীবনে অনুশীলন ও ধারণ করতে হবে। আগামীর বাংলাদেশে উন্নয়নের সুফল- শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান যেন প্রতিটি সাধারণ মানুষের ঘরে পৌঁছায় এবং জাতীয় জীবনের সবস্তরে যেন সাম্য বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে।’

বিগত সময়ের বৈষম্যের কথা উল্লেখ করে বিএনবপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখন থেকে কোনো বিশেষ গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা বা একচেটিয়া সুযোগ-সুবিধার দিন শেষ হয়ে গেছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগের ক্ষেত্র তৈরি করা হবে এবং কোনো ধরনের বৈষম্য এই দেশে আর মেনে নেওয়া হবে না।’

এ সময় তিনি খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ অভিহিত করে দলের নেতাকর্মীদের  তার আদর্শকে ধারণ করার আহ্বান জানান এবং খালেদা জিয়ার জন্য সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বিএনপি আর্ন্তজাতিক কমিটির সদস্য ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad