বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার সন্ধ্যায় ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বাজারের ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি বাজারে উপস্থিত সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মন্ত্রীর সঙ্গে ছিলেন।
এ সময় খুচরা বিক্রেতারা মন্ত্রীর কাছে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ৫ লিটারের বোতলের সরবরাহ অনেক কম। খোলা সয়াবিন তেলের দাম বাজারে কিছুটা বেড়েছে।
খুচরা বিক্রেতারা অভিযোগ করেন যে, বিভিন্ন তেল কোম্পানির ডিলাররা ভোজ্যতেলের সঙ্গে অন্যান্য অপ্রয়োজনীয় পণ্য কিনতে তাদের বাধ্য করছেন।
সাধারণ ক্রেতারা জানান, বাজারে বোতলজাত সয়াবিন তেলের পরিমাণ কিছুটা কম থাকলেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে না।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে, দু-একটি ব্র্যান্ডের সরবরাহ কম থাকলেও অধিকাংশ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ প্রায় স্বাভাবিক। এমনকি কিছু দোকানে নতুন ব্র্যান্ডের সয়াবিন তেলও বিক্রি হতে দেখা গেছে।
পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের আশ্বস্ত করে বলেন, খুব দ্রুতই ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে এবং বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


