এক দশকের বেশি সময় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করার পর পদ ছাড়ছেন টিম কুক। আগামী সেপ্টেম্বরে তিনি পদ ছাড়বেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কুকের পর এ দায়িত্ব নেবেন কোম্পানির দীর্ঘদিনের কর্মকর্তা জন টারনাস। তিনি বর্তমানে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পর এবারই প্রথম কোম্পানিটির সিইও পরিবর্তন হচ্ছে।
২০১১ সাল থেকে অ্যাপলের নেতৃত্বে থাকা টিম কুক সিইও পদ ছাড়লেও কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।
পদ ছাড়ার পর কুক বলেন, অ্যাপলের নেতৃত্ব দেওয়া তার জীবনের ‘সবচেয়ে বড় সম্মান’।
নতুন দায়িত্ব পেয়ে জন টারনাস বলেন, ‘আমার প্রায় পুরো ক্যারিয়ার অ্যাপলে কেটেছে। স্টিভ জবসের অধীনে কাজ করার সুযোগ পেয়েছি এবং টিম কুককে মেন্টর হিসেবে পেয়েছি, এসব আমার জন্য সৌভাগ্যের।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের সঙ্গে এবং একে অপরের সঙ্গে আমাদের যোগাযোগের ধরন বদলে দিয়েছে—এমন পণ্য ও অভিজ্ঞতা তৈরিতে ভূমিকা রাখতে পেরে আমি গর্বিত।’
দীর্ঘদিন ধরে অ্যাপলের নকশা ও পণ্য উন্নয়নে কাজ করা জন টারনাস এমন এক সময়ে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির নেতৃত্ব নেবেন, যখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে শিল্পখাতে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে।


