নোয়াখালী জেলা কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী।
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা মাহবুব এলাহী রাজিন (১৫) নামে ওই শিক্ষার্থী বর্তমানে একটি হত্যা মামলার আসামি হিসেবে নোয়াখালী জেলা কারাগারে বন্দি রয়েছে।
আদালতের বিশেষ অনুমতিতে সে কারাগার থেকেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জানা গেছে, মাহবুব নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের পরীক্ষার্থী। বর্তমানে তার পরীক্ষা কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল। কারাগারের ভেতরে বিশেষ ব্যবস্থায় জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানে তার পরীক্ষা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, হত্যা মামলায় আসামি হওয়ার পর মাহবুবকে প্রথমে টঙ্গী কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার আবেদনের ভিত্তিতে নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন।
নোয়াখালীতে চলতি বছর মোট ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে। ৩৫ হাজার শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ১০৭ জন, দাখিল পরীক্ষার্থী ৮ হাজার ৬৭১ জন ও ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৭২৩ জন।
মঙ্গলবার সকালে জেলার ৭৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে তিনটি মাধ্যমের শিক্ষার্থীরা। এর মধ্যে এসএসসি পরীক্ষার কেন্দ্র সংখ্যা ৪৩টি, দাখিল কেন্দ্র ২২টি ও ভোকেশনাল (এসএসসি ও দাখিল) কেন্দ্র ১০টি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহম্মদ সারোয়ার উদ্দিন জানান, পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখা এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর মধ্যে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।


