ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। বিশেষ করে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান।
জয়সওয়াল বলেন, ভারত থেকে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন একটি মূল ইস্যু এবং এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের পক্ষ থেকে সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, নাগরিকত্ব যাচাইসংক্রান্ত ২ হাজার ৮৬২টি মামলা এখনো বাংলাদেশের কাছে ঝুলে আছে, যার মধ্যে কিছু মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে মুলতবি রয়েছে।
পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল এসব মন্তব্য করেন।
তিনি স্পষ্ট করেন, ভারতে অবস্থানরত সকল অবৈধ বিদেশি নাগরিককে দেশের প্রচলিত আইন, নির্দিষ্ট প্রক্রিয়া এবং বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার আওতায় নিজ দেশে ফেরত পাঠানো হবে।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে বাংলাদেশে লোক ঠেলে পাঠানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছিলেন। আসামের মুখ্যমন্ত্রীর এ সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছিলেন তিনি।
এ প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পুনরুল্লেখ করেন, প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ ও ত্বরান্বিত করতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে।


