অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার দীর্ঘ বিচারিক জীবনের তিনি সমাপ্তি টানলেন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি রেফাত আহমেদ ২০২৪ সালের ১১ আগস্ট শপথ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সৈয়দ রেফাত আহমেদ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গেও কাজ করেছেন।
সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন এবং দুই বছর পর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।
এরই মধ্যে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ২৪ ডিসেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিচারপতি রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।


