অবশেষে এল ‘অমীমাংসিত’

অবশেষে এল ‘অমীমাংসিত’
সংবাদ সম্মেলনে ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন ও রায়হান রাফি
Advertisement
Advertisement

রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ অবশেষে মুক্তি পেয়েছে। দুই বছর অপেক্ষার পর সোমবার (১৫ ডিসেম্বর) থেকে কনটেন্টটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে।

‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’-এর পর রহস্য ও থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটি নিয়ে শুরু থেকেই দর্শকদের কৌতূহল ছিল। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগোনো গল্পে তদন্ত, রহস্য ও টানটান উত্তেজনা ধাপে ধাপে প্রকাশ পায়।

মুক্তি উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক রায়হান রাফী বলেন, ‘অমীমাংসিত’ আমার হৃদয়ের খুব কাছের কাজ। নির্দিষ্ট কোনো ঘটনা নয়, বরং বাংলাদেশের অসংখ্য অমীমাংসিত কেস থেকেই এই গল্পের জন্ম। যদি একজন দর্শকও এতে প্রতিবাদী হয়ে ওঠেন, সেটাই আমাদের সার্থকতা।

এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ইমতিয়াজ বর্ষণ জানান, গল্প শুনেই কাজটিতে যুক্ত হন তিনি। সেন্সরশিপের বাধা নিয়ে আক্ষেপ প্রকাশ করে দর্শকদের পাইরেসি এড়িয়ে অরিজিনাল প্ল্যাটফর্মে দেখার আহ্বান জানান। তানজিকা আমিন বলেন, দুই বছর আটকে থাকার পর সিনেমাটির মুক্তি সত্যিই বিস্ময়কর।

সেন্সর জটিলতার কারণে ২০২৪ সালে মুক্তি পায়নি ‘অমীমাংসিত’। পরে আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়ে এবার আইস্ক্রিনে এসেছে ওয়েব ফিল্মটি। ইমতিয়াজ ও তানজিকা ছাড়া এতে অভিনয় করেছেন আবদুল্লাহ আল সেন্টু, শেওতী, শাহজাহান সৌরভ, আজাদ সেতু, শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad