গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি হাসপাতাল ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গাজা সিটির আল-শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আহমাদ পরিবারের চার সদস্যের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়।
এই হামলায় নিহত দুই শিশুর বয়স যথাক্রমে ১২ বছর ও ৮ বছর।
এদিকে, যোগাযোগের পর ঘটনাটি যাচাই করে দেখা হচ্ছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।


