লুটের অস্ত্রের তথ্যদাতা পাবে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

লুটের অস্ত্রের তথ্যদাতা পাবে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার
ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধারে সহায়তাকারীকে সর্বোচ্চ দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, লুটের অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।

শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভারী অস্ত্রের বিষয়ে তথ্য দিলে দুই লাখ টাকা, পিস্তল, রিভলভার ও শটগানের বিষয়ে তথ্য দিলে ৫০ হাজার টাকা এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের বিষয়ে তথ্য দিলে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।’

সালাহউদ্দিন আহমদ আরও জানান, লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ ইউনিটে গোয়েন্দা সংস্থা সাহায্য করবে।

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কৌশলী হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ দমন নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ যাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, সে বিষয়ে সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর