লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. হানিফ নামে এক বৃদ্ধ নিহতের অভিযোগ উঠেছে। তার পরিবারের দাবি, প্রতিবেশী আব্দুল বারেক এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
রোববার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় জানায়, প্রতিবেশী আব্দুল বারেকের সঙ্গে হানিফের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।সকালে হানিফ জমি থেকে মাটি কাটছিলেন। এতে বারেক বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বারেক ক্ষিপ্ত হয়ে হানিফকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে স্বজনরা হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, হাসপাতাল আনার আগেই তিনি মারা গেছেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। অভিযুক্ত বারেক পালিয়ে গেছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’


