সুন্দরবনের গহীনে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনায় এক ডাকাত নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে আরও তিনজনকে।
শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার খুলনার কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বোটে অবস্থানরত ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান। রাতভর গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাত সদস্যকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি কোস্ট গার্ডের নিয়ন্ত্রণে রয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত আছে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে স্বাভাবিক চলাচল বজায় রাখতে হবে। ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহীন এলাকা বা আশপাশের লোকালয়ে আত্মগোপনের চেষ্টা করতে পারে। এ বিষয়ে তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।


