রাজধানীর রামপুরায় চেকপোস্টে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৭০টি চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মীর মো. মোশারফ খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রামপুরা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টা ৫৫ মিনিটে বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে মোশারফকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্টবিহীন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ জানিয়েছেন, তিনি গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।
এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


