র‍্যাবের জন্য ১২২ কোটি টাকায় কেনা হচ্ছে ১৬৩ গাড়ি

র‍্যাবের জন্য ১২২ কোটি টাকায় কেনা হচ্ছে ১৬৩ গাড়ি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযান সক্ষমতা বাড়াতে ১৬৩টি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১২২ কোটি ২৭ লাখ টাকা।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, কেনা হতে যাওয়া গাড়ির মধ্যে রয়েছে তিনটি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব গাড়ি সরবরাহ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ২ হাজার ৫০০ সিসির জিপের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ছাড়া প্রতিটি টহল পিকআপ ৬৪ লাখ এবং মাইক্রোবাসের মূল্য ৪৮ লাখ টাকা ধরা হয়েছে।

‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়েছিল। তৎকালীন ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৪ কোটি টাকা, যা পরে সংশোধন করে ৮২৭ কোটি টাকায় নামিয়ে আনা হয় এবং প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়। এই প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৫৭০টি যানবাহন কেনার লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৮০৯টি কেনা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি এমন সময়ে এলো যখন অর্থ বিভাগ সব ধরনের যানবাহন কেনা বন্ধ রেখে পরিপত্র জারি করেছে। এর আগে, গত ২৭ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এবার চূড়ান্ত অনুমোদনের জন্য ক্রয় কমিটিতে উপস্থাপন করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর