মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আমরা সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’
শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, নিহতের পরিবারকে সরকারিভাবে সব প্রাপ্য সুবিধা দেওয়া হবে। পাশাপাশি পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং নিহতের দুই সন্তানের পড়াশোনার খরচ বহন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
মরদেহ হস্তান্তরের সময় দাফন কার্য সম্পন্নের জন্য নিহতের পরিবারকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।’ তিনি জানান, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলো প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। পরিস্থিতি অনুযায়ী যেসব প্রবাসী দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতেও প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের আল–খারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন। তার মরদেহ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহ গ্রহণকালে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


