যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম। মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে দেশটি থেকে এই গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ।
শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় মোট চার লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে। যার প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে।
এবারেরটি আমদানি করা গমের চতুর্থ চালান। চুক্তি মোতাবেক চার লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে আমেরিকা থেকে চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।
জাহাজে আসা গমের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


