স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে সাড়ে চার লাখ ভোটার যুক্ত হয়েছেন। নতুনদের নিয়ে এখন দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৮৮ লাখ।
সোমবার হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ উপলক্ষ্যে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব জানান, হালনাগাদে এবার ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ছয় কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং এক হাজার ২৬৭ জন তৃতীয় লিঙ্গের।
আখতার আহমেদ বলেন,’ এ ভোটার নিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনে এগিয়ে যাব। ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হয়েছেন কেবল তারাই ভোট দিতে পারবেন।’
এ ছাড়া, ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকাও এরইমধ্যে চূড়ান্ত হযেছে বলে জানান ইসি সচিব।
স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের মধ্যে সামনে ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০টি উপজেলা, ৬১ জেলা পরিষদ এবং সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন রয়েছে।
ইসির প্রাথমিক পরিকল্পনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়েই এ ভোটপর্ব শুরু করার কথা রয়েছে।
তফসিল ঘোষণার পর সাধারণত ভোটের জন্য দুই মাস সময় রাখা হয়, সে কথা তুলে ধরে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ‘শিডিউল যদি সেপ্টেম্বর-অক্টোবরে দিই, ইলেকশনটা আগামী বছরে চলে যাবে। আগামী বছর ইলেকশন করলে আমাকে এ বছর শিডিউল দিতে হবে। আশা করছি, হয়তো আমরা সেপ্টেম্বরে শিডিউলটা ঘোষণা করতে পারব। তাহলে কিছু কিছু এ বছরের শেষে, কিছু আগামী বছরেও চলে যেতে পারে।’


