নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে লক্ষ্মীপুর পুলিশ। শনিবার রাত ৯টার দিকে রায়পুর উপজেলার পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়ি থেকে জান্নাতুল কানিজ নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই বাড়ির কাঞ্চন হোসেনের মেয়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতেই খেলছিল শিশু জান্নাতুল। এ সময় শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মেদের ঘরে যায়। এরপর আর শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
শিশুটির পরিবারের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ চলছিল বলেও অভিযোগ রয়েছে। কাজেই শিশুটিকে হত্যার পেছনে তাকেই অভিযুক্ত করছে জান্নাতুলের পরিবার।
পুলিশও অভিযোগ আমলে নিয়ে তোফায়েল আহাম্মেদ, ফিরোজা বেগম ও নিশু আক্তারসহ তিনজনকে আটক করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ‘নিখোঁজের তিনদিন পর শিশুটির মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’


