ভ্রমণসাহিত্যের কাগজ ‘ভ্রমণগদ্য’-এর সর্বশেষ সংখ্যার প্রকাশনা উপলক্ষে ক্লাব এইটটি নাইনে এক ‘আষাঢ়ে ভ্রমণ আড্ডা’র আয়োজন করে ‘ভ্রমণগদ্য সুহৃদসভা’।
শনিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসর্গপ্রেমী ও বিশ্বপরিব্রাজক ইনাম আল হক। ভ্রমণলেখক ও সম্পাদক মাহমুদ হাফিজের সঞ্চালনায় আড্ডায় দেশের ভ্রমণসাহিত্যিক, সাংবাদিক, পর্বতারোহী, প্রকাশক ও ভ্রমণগদ্যের পাঠকেরা অংশগ্রহণ করেন।
তিন ঘণ্টার নিবিড় এই আড্ডায় ভ্রমণসাহিত্যের বাঁকবদলের বিতর্ক, এভারেস্ট জয়ের অনুভূতি ও গ্রুপভিত্তিক গল্পগুজবে মেতে ওঠেন উপস্থিত সকলে। কেউ কেউ ফিকশনের আদলে ‘আষাঢ়ে গল্পের’ ঢঙে নিজের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেন, যার মধ্য দিয়ে ভ্রমণসাহিত্যের গতিপ্রকৃতিও মোটাদাগে উঠে আসে।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভ্রমণ ও ভ্রমণগদ্যের ভবিষ্যৎ কেমন হতে পারে—এ বিষয়ের ওপর লিখিত কাগজের সম্পাদকীয়টি পড়ে শোনান ভ্রমণলেখক ফরিদুর রহমান।
আড্ডায় সম্প্রতি এভারেস্টবিজয়ী নুরুন্নাহার নিম্নি তার পর্বতজয়ের অনুভূতি ব্যক্ত করেন। পর্বতপ্রেমী ও লেখক জালাল আহমেদ এবং ইফতেখারুল ইসলাম যৌথভাবে তুলে ধরেন এভারেস্ট বেজক্যাম্প জয়ের গল্প।
ভ্রমণগদ্যকার কামরুল হাসান, মাহমুদ হাফিজ ও আবদুর রব সম্প্রতি কালিম্পং, সিকিম ও দার্জিলিং ভ্রমণের ওপর তাঁদের দারুণ সব অভিজ্ঞতা ভাগ করে নেন।
এ ছাড়া অনুষ্ঠানে নিজ নিজ ভ্রমণ অভিজ্ঞতার কথা তুলে ধরেন লেখক বাদল সৈয়দ, শাকুর মজিদ, মাহফুজুল হক জগলুল, স্থপতি রেজাউর রহমান, শাহনাজ আক্তার এবং চান্দ্রেয়ী পাল মম। আড্ডার মাঝে জান্নাতুল বাকেয়া কেকা তার সদ্য প্রকাশিত বই উপহার দেন।
এ আয়োজনে আরও যোগ দেন ফটোবন্ধু রফিকুর রহমান, গোলাম শফিক, মিলা মাহফুজা, লেখক-প্রকাশক ফরিদ আহমেদ, তৌফিক রহমান, আহসান নবাব, সেলিম সোলায়মান, পর্বতারোহী জাফর সাদেক, সাংবাদিক আতিকুল ইসলাম, গাজী মনছুর আজিজ, ডি এম ফিরোজ শাহ, জেসমিন মুন্নী, ক্ষমা মাহমুদ, নাঈমা খানম, মালিহা পারভীন, চন্দনকৃষ্ণ পাল, সৈয়দা হাবিবা, তিথি আফরোজ ও শামীম তালুকদার প্রমুখ।
উপস্থিত সুধীজনের হাতে ‘ভ্রমণগদ্য’-এর নতুন সংখ্যাটি তুলে দেওয়ার পাশাপাশি আড্ডার মাঝে বাঁশি বাজিয়ে এক সুরেলা আবহ তৈরি করেন স্থপতি রেজাউর রহমান। সবশেষে সুহৃদসভার সভাপতি, বিশ্বভ্রামণিক ও দু’মেরুবিজয়ী ইনাম আল হকের বক্তব্যের মধ্য দিয়ে এই আষাঢ়ে আড্ডার সমাপ্তি ঘটে।


