শেরপুর সদর উপজেলার একটি শতবর্ষী বটগাছ বিক্রির উদ্যোগ জেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। পরিবেশকর্মী, সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিবাদের পর স্থানীয় প্রশাসন গাছটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।
শনিবার দুপুরে সদর উপজেলার ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকার পুরোনো ঈদগাহ মাঠ সংস্কারের অংশ হিসেবে পাশের শতবর্ষী বটগাছটি বিক্রির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ঈদগাহ কমিটির সদস্য শাহরিয়ার শামীম ফেসবুকে এই সংক্রান্ত পোস্ট দিলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন মহল থেকে গাছটি বিক্রি বা না কাটার দাবি জানানো হয়।
বিষয়টি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নজরে এলে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইউএনও স্থানীয় ইউপি চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে গাছ কাটা বন্ধ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, ‘সংশ্লিষ্টদের জানানো হয়েছে, কোনো অবস্থাতেই বটগাছটি কাটা যাবে না। কমিটির সদস্যরাও গাছটি সংরক্ষণের আশ্বাস দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে গাছটির বিষয়ে নিয়মিত নজরদারি রাখা হবে।’
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘বিষয়টি নজরে আসার পর দ্রুত নির্দেশনা দেওয়া হয়। গাছটি সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’


