জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. শফিকুল ইসলাম বলেন, ‘নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অন্য কোনো মামলা আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে, গত ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপর ব্যক্তিরা হলেন নূর মোহাম্মদের স্ত্রী রওশন আরা বেগম ও তার ভাতিজা মো. সাইফুল ইসলাম।
নূর মোহাম্মদ জামালপুর-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।


