নানা আলোচনা-সমালোচনা শেষে কবি মোহন রায়হানকে এ বছরের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। আগামী সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
শনিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এর আগে কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার ঘোষণা প্রকাশের পর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ সমালোচনা দেখা দেয়। এ প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রেখে উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
পরে গত শুক্রবার সেসব অভিযোগ যাচাই-বাছাই করতে মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযোগগুলো পর্যালোচনার পর তা অগ্রহণযোগ্য বিবেচিত হয়। ফলে প্রধানমন্ত্রীর সম্মতিতে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়।
জরুরি সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।


