বহুল আলোচিত জুলাই জাতীয় সনদে ‘আপাতত’ সই না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেবে না দলটি।
বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানিয়েছে এনসিপি।
সেখানে বলা হয়, ‘এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না; এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা “জুলাই ঘোষণাপত্র”-এর মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে।’
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের গড়া দল এনসিপি এমন সময় এই ঘোষণা দিল যখন সরকারের পক্ষ থেকে জুলাই সনদে সইয়ের আনুষ্ঠানিক আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে।
তাছাড়া এই আয়োজনের আগে দফায় দফায় দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং আলোচনা থেকে পাওয়া সিদ্ধান্তেরই সন্নিবেশই জুলাই সনদ।
তবে এরপরেও সনদ সইয়ের ঠিক আগ মুহূর্তে এনসিপিসহ বেশকিছু দল অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানাচ্ছে।
বিবৃতিতে এনসিপি বলেছে, ‘ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে, পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।’


