জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে তারেক রহমানকে তনির চিঠি

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে তারেক রহমানকে তনির চিঠি
সংবাদ সম্মেলনে কথা বলেন রুবাইয়াত ফাতেমা তনি। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন।

শুক্রবার ঢাকার গুলশানে পুলিশ প্লাজায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি। তিনি একজন নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

সংবাদ সম্মেলনে রোবাইয়াত ফাতিমা তনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পড়ে শোনান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় উল্লেখ করেছেন, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটি একই সঙ্গে এ দলের ঘোষিত নীতি।

জামায়াতের এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ এর সরাসরি লঙ্ঘন উল্লেখ করে তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য।

আরও পড়ুন

এ ছাড়া রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ বলেও মনে করেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

তিনি জানান, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপসের বিষয় হতে পারে না। এ সময় জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের জন্য শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তনি।

একই সঙ্গে জামায়াতে আমিরের বিচার নিশ্চিত করে তাকে প্রকাশ্যে ক্ষমতা চাইতে বাধ্য করতে হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির সদস্য সচিব। সম্মেলনে বলা হয়, নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনি অবস্থান নিতে হবে।

সংবাদ সম্মেলনে ‘সচেতন নাগরিক সমাজ’ সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিল উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad