চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) লিজ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
কর্মসূচি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কনটেইনার হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারি, জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানো এবং বহিঃনোঙরে পণ্য খালাসসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতারা জানান, এর আগে ঘোষিত প্রতিবাদ কর্মসূচি থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা এই ধর্মঘট শুরু করতে বাধ্য হয়েছেন। শনিবার গভীর রাতে কয়েক নেতাকে প্রভাবিত করে ধর্মঘট দূর্বল করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ তোলেন তারা।
চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি লিজ প্রক্রিয়া বাতিল করা এবং চুক্তি এগিয়ে নিতে বন্দর শ্রমিকদের ওপর যে ধরনের “চাপ প্রয়োগ” করা হয়েছে, তাতে জড়িতদের অপসারণ করাই আমাদের প্রধান দাবি।’
এর আগে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি নতুন কর্মসূচি ঘোষণা করে।
গত ৩১ জানুয়ারি থেকে বন্দর শ্রমিকরা প্রতিদিন আট ঘণ্টার কর্মবিরতি পালন করে আসছিলেন। শুক্রবার নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর শুক্রবার ও শনিবার দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
তবে আলোচনায় কোনো সমাধান না আসায় রোববার সকাল থেকে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।
এদিকে বর্তমান পরিস্থিতিতে রোববার সকালে বন্দর কর্তৃপক্ষ শ্রমিক ও কর্মচারীদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে। বিভিন্ন বিভাগের প্রায় ২০০ কর্মচারীকে এতে অংশ নিতে বলা হয়েছে।


