খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই প্রথম কাজ: খাদ্যমন্ত্রী

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই প্রথম কাজ: খাদ্যমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেন, ‘খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ে। তাই বিষয়টিকে আমার মন্ত্রণালয় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’

শনিবার সকাল ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মন্ত্রী। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্য গুদাম তদারকি নিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলার খাদ্য গুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ঘিওর উপজেলার খাদ্যগুদামে অনিয়ম পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখতে সরকার সতর্ক রয়েছে।’

আরও পড়ুন

দেশে সার সংকট নিয়ে প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত সভায় পর্যালোচনা করে দেখা গেছে, দেশে পর্যাপ্ত সার মজুদ আছে। মাঠ পর্যায়ে বিতরণে কিছুটা সমন্বয়হীনতা থাকতে পারে। তবে সার সংকটে চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হবে না।’

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিয়ে মন্ত্রী জানান, পাটুরিয়া-দৌলতদিয়া-কাজীরহাট নৌরুটে ‘ওয়াই’ প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণকাজ শিগগিরই শুরু হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এরই মধ্যে সমীক্ষাসহ প্রাথমিক প্রস্তুতি চলছে। দ্রুত দৃশ্যমান কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জুয়েল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর