প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই এসোসিয়েশন কানাডা শাখা ক্যালগেরিতে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক বনভোজন সম্পন্ন করেছে। কানাডার স্থানীয় সময় শনিবার এই বনভোজন আয়োজন করা হয়।
প্রবাসের মাটিতে বাংলাদেশ ও বাঙালির জাতিসত্তাকে তুলে ধরা এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঙালিয়ানাকে লালন করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
বহু জাতিগোষ্ঠীর দেশ কানাডায় দিনটি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে। এই আয়োজনে দিনব্যাপি আবেগ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণসহ ছিল নানা আয়োজন। ক্যালগেরি শহরের অদূরে
কারস্টেয়ার পার্কে বন্ধুত্ব ও ভালোবসায় প্রাক্তনরা মিলিত হয়েছিল একে অপরের সঙ্গে।
দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণে ফিরে যান টিএসসি, মধুর ক্যান্টিন, কলা ভবন আর অপারাজেয় বাংলার সামনে কাটানো সোনালি সেই দিনগুলোতে। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে যৌবনের জয়গান, প্রেম-ভালোবাসার মুহূর্ত এবং শিক্ষকদের অম্লমধুর শাসনের কথা স্মরণ করেন সবাই।
বনভোজনে ছিল বিভিন্ন সুস্বাদু খাবার, গান, আর প্রাক্তনদের পরিবারের অংশগ্রহণে প্রাণবন্ত আড্ডা। সিনিয়র ও জুনিয়র অ্যালামনাইদের একত্রিত হয়ে আড্ডায় মেতে ওঠা প্রমাণ করে—মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না, মানুষ টিকে থাকে ভালোবাসা আর বন্ধুত্বের টানে।
আয়োজকরা জানান, প্রবাসে বিশ্ববিদ্যালয়ের স্বাদ এবং নতুন প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।


