কাঠমান্ডুতে প্রায় ১০০ বাংলাদেশি আটকা: পররাষ্ট্র মন্ত্রণালয়

কাঠমান্ডুতে প্রায় ১০০ বাংলাদেশি আটকা: পররাষ্ট্র মন্ত্রণালয়
উত্তাল নেপালে ‘জেন জিদের’ সহিংস বিক্ষোভ। ছবি: এপি/ ইউএনবি
Advertisement
Advertisement

নেপালে সরকারি সফরে থাকা কর্মকর্তা ও ফুটবল খেলোয়াড়সহ প্রায় ১০০ বাংলাদেশি নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘নেপালে বর্তমানে বাংলাদেশি পর্যটকদের সঠিক সংখ্যা কত তা এখনো স্পষ্ট নয়। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস তাদের হটলাইনে শতাধিক বাংলাদেশির ফোন পেয়েছে যারা দেশটিতে আটকা পড়েছেন।’

নেপালের সঙ্গে ফ্লাইট চালু হলে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়টি সমন্বয় করছে।

আরও পড়ুন

দেশটির সরকার গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশই তরুণ প্রজন্ম বা জেন-জি।

বিক্ষোভ দমনে অলি সরকার নিরাপত্তা বাহিনীকে তৎপর করে তোলে, যার ফলে সংঘর্ষে অন্তত ১৯ জন প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন আরও চার শতাধিক বিক্ষোভকারী।

মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা সরকারের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং নেপালি কংগ্রেসের কার্যালয়সহ বিভিন্ন স্থানে হামলা চালায়। কাঠমান্ডুসহ অন্তত সাতটি শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর