ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে তার শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা।
বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
১৪ মে ডিএসসিসির জনৈক বাসিন্দা মো. মামুনুর রশিদ রিটটি দাখিল করেন। রিটে দাবি করা হয়, ইশরাককে মেয়র ঘোষণার নেপথ্যে থাকা ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।
২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়ী হন। তবে ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
পরে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল এ বিষয়ে গেজেট প্রকাশ করে।
তবে আইনি জটিলতায় এতোদিন ইশরাকের শপথ পড়ানো যায়নি।
ইতিমধ্যে, ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে এক সপ্তাহের বেশিদিন ধরে টানা কাকরাইল ও নগর ভবন এলাকায় বিক্ষোভ অবস্থান করছেন তার সমর্থকরা।


