নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আগামী ৩ মে আদেশ দেবে আপিল বিভাগ।
সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করে।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভী গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট ৫ মামলায় জামিন দেয়। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়।
পরে ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় হাইকোর্ট থেকে ২৬ ফেব্রুয়ারি জামিন পান আইভী।
পাঁচ মামলার মধ্যে ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় অপর মামলাটি হয়েছে।
এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনের আদশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। এর মধ্যে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


