৪০ অধ্যাদেশের ওপর আলোচনা

৪০ অধ্যাদেশের ওপর আলোচনা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার কমিটি সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৪০টি নিয়ে প্রথম দিনে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে বাকি অধ্যাদেশগুলো পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ করা হবে।

কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও যথার্থতা যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট হিসেবে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। যাচাই প্রক্রিয়া শেষ হলে আগামী এক সপ্তাহের মধ্যে অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হতে পারে। এ জন্য ২৫ মার্চ বুধবার দুপুর ২টায় পরবর্তী বৈঠক আহ্বান করা হয়েছে বলে সংসদ সচিবালয় জানিয়েছে।

বৈঠকের পর কমিটির সভাপতি জয়নুল আবেদিন বলেন, প্রথম দিনে অর্ধেকেরও কম অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করা গেছে। কিছু বিষয়ে সদস্যদের ভিন্ন মত রয়েছে, সেগুলো পরবর্তী বৈঠকে পুনরায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। ১৩৩টি অধ্যাদেশ তৎকালীন সময়ের প্রয়োজন অনুযায়ী অন্তর্বর্তী সরকার জারি করেছিল। প্রয়োজন হলে লিখিত মতামতও নেওয়া হবে।

আরও পড়ুন

‘আমরা আশা করি, ২ এপ্রিলের আগেই সব অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে সংসদের কাছে উপস্থাপন করা সম্ভব হবে। সংসদে কবে উত্থাপিত হবে, তা পরে নির্ধারণ করবে, সম্ভবত এক সপ্তাহের মধ্যেই তা হতে পারে, যোগ করেন তিনি।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) অধ্যাদেশ, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান ও জি এম নজরুল ইসলাম।

বৈঠকের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা ও মোনাজাত করা হয়। এ ছাড়া বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর