খুলনায় শর্তহীনভাবে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দৌলতপুর জুটপ্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা। সেইসঙ্গে রপ্তানি বন্ধ থাকায় কাজ বন্ধ হওয়ায় ক্ষতিপূরণের দাবিও জানান তারা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়কের রেলিগেট থেকে দৌলতপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে সমর্থন জানিয়ে বিপুল সংখ্যক নারীও রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
আন্দোলনরতরা জানান, তাদের এ অবরোধ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে।
এ সময় বিক্ষোভকারীরা সড়কে কাঠের গুঁড়ি ও বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ফলে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং চালক ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত বছরের ৮ সেপ্টেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয় কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে বিদেশে পাট রপ্তানি বন্ধ রয়েছে। এর প্রভাবে খুলনা ও নারায়ণগঞ্জের লক্ষাধিক প্রেস ও বেলিং শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন। তাই অবিলম্বে শর্তহীনভাবে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।


