আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এসব কথা জানান।
তিনি বলেন, পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন। ২২ জানুয়ারি প্রথমে তিনি সিলেট শহরে হজরত শাহজালাল (রহ.) এবং খাদিমনগরে হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে দলের চেয়ারম্যানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।
বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি নির্বাচনে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচার শুরু করতে যাচ্ছেন।
এদিকে, তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি ও মহানগর বিএনপি।
জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ২২ জানুয়ারি সকালে তারেক রহমান প্রথমে সিলেট শহরে হজরত শাহজালাল (রহ.) এবং শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে খাদিমনগরে হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য দেবেন।
বিএনপি চেয়ারম্যানের সিলেট সফর উপলক্ষে সমাবেশ আয়োজনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় দুই যুগ পর তারেক রহমান সিলেট যাচ্ছেন। সে কারণে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিলেটবাসী। একদিকে চেয়ারম্যান হিসেবে এটি তার প্রথম সফর, অন্যদিকে সিলেটবাসী পরম আত্মীয়কে বরণ করে নিতে উদগ্রীব।
সিলেটের জনসমাবেশ শেষে সিলেট-ঢাকা মহাসড়ক পথে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান বলে জানান কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সিলেটের পর ওই মহাসড়ক পথে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি করে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।
সিলেট শহরের পর সিলেট-ঢাকা মহাসড়ক পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা রয়েছে। এসব এলাকাতেও একটি করে পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
তারেক রহমানের সিলেট সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সিলেটের বিএনপি নেতারা। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে এটি তার প্রথম জনসমাবেশে বক্তব্য। নির্বাচনী অঙ্গীকারগুলো তিনি জনসমক্ষে তুলে ধরবেন।
সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সফরসূচি চূড়ান্ত হলে যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।
২০০৫ সালে সর্বশেষ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান দলের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেট সফর করেন। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে ফেরেন। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই, গত ৩০ ডিসেম্বর. তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


