হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান

হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান
ইমরান খান | ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে ফের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে।

শুক্রবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক মুখপাত্র জানান, হাসপাতালে কয়েক ঘণ্টা রাখার পর তাকে রাওয়ালপিন্ডি সেনানিবাসের আদালিয়া কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ৭৩ বছর বয়সী ইমরান খানকে শুক্রবার ভোরে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানিয়ে তার আইনজীবী চলতি সপ্তাহে আবেদন করলে দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের পর তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইমরান খানের আইনজীবীরা বলছেন, কারাগারে থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আরও পড়ুন

অন্যদিকে, পাকিস্তান সরকার বলেছে, চিকিৎসা প্রতিবেদনগুলোতে এমন কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি, যার জন্য তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন রয়েছে।

মঙ্গলবার দেওয়া এক আদেশে পাকিস্তানের সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে তাকে এমন একটি মেডিকেল প্যানেলের কাছে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে বলা হয়, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসকও থাকবেন।

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করা হয়েছে বলে তিনি দাবি করে আসছেন। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর