দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৪৬ জনের।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২ জনে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৪ জন শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭, সিলেট বিভাগে ১৩৬, বরিশাল বিভাগে ১০৮, খুলনা বিভাগে ১০৭, ময়মনসিংহ বিভাগে ৭০, রাজশাহী বিভাগে ২৫ এবং রংপুর বিভাগে সাতজনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ সময়ে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।
এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তথ্য অনুযায়ী, দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে ১৬ অক্টোবর পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে ২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ৭৮টি টিকা দেওয়া হয়েছে। মোট লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে টিকাদানের হার ১১৬ দশমিক ৫ শতাংশ।


