তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বিজয় সেতুপতি ও অনুরাগ কাশ্যপ অভিনীত ‘মহারাজা’। নিথিলান স্বামীনাথন পরিচালিত ২০২৪ সালের আলোচিত সিনেমাটি এবার হলিউডে রিমেক হতে যাচ্ছে।
নির্মাতাদের দাবি, কোনো বড় স্টুডিওর হাত ধরে হলিউডে রিমেক হতে যাওয়া এটিই প্রথম তামিল সিনেমা।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন মহারাজার নির্মাতারা। পোস্টে তারা লেখেন, ‘একটি ঐতিহাসিক মাইলফলক! বড় স্টুডিওর মাধ্যমে হলিউডে নির্মিত হতে যাওয়া প্রথম তামিল সিনেমা হচ্ছে মহারাজা।’
এরপর থেকেই সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছিল, হলিউডের জনপ্রিয় অভিনেতা ম্যাথিউ ম্যাক-কনাহে রিমেকটিতে অভিনয় করতে পারেন।
তবে ম্যাক-কনাহের অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। মহারাজার অন্যতম প্রযোজক সুধান সুন্দরম জানান, চীনে সিনেমাটির প্রায় ৯১ কোটি রুপির সাফল্যের পর একটি এজেন্সি তাদের সঙ্গে রিমেক স্বত্ব নিয়ে যোগাযোগ করে। রিমেকটিতে একজন এ-লিস্ট তারকা অভিনয় করবেন এবং আগামী বছর এর কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি।
ম্যাক-কনাহে সেই তারকাদের একজন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হতে পারে, ম্যাককনাহে তাদের আলোচনায় থাকা তারকাদের একজন। তবে বিষয়টি এজেন্সিই নিশ্চিত করতে পারবে।’
নিথিলান স্বামীনাথন পরিচালিত ‘মহারাজা’প্রযোজনা করেছে দ্য রুট, থিঙ্ক স্টুডিওস ও প্যাশন স্টুডিওস। সিনেমাটিতে বিজয় সেতুপতি ও অনুরাগ কাশ্যপ ছাড়াও অভিনয় করেছেন সচানা নামিদাস, নাট্টি সুব্রামানিয়াম, মমতা মোহনদাসসহ অনেকে।
২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া থ্রিলার ঘরানার সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছেন একজন বাবা। থানায় গিয়ে তিনি ‘লক্ষ্মী’নামের একটি হারানো ডাস্টবিনের অভিযোগ করেন। কিন্তু পরে পুলিশ বুঝতে পারে, ডাস্টবিন হারানোর অভিযোগের আড়ালে রয়েছে আরও গুরুতর একটি ঘটনা। গল্পের এই রহস্যই সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে।
মুক্তির পর সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সাড়া ফেলে ‘মহারাজা’। ট্রেড ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির নিট আয় ৭২ কোটি ৪৩ লাখ রুপি এবং বিশ্বব্যাপী আয় ১৯৯ কোটি ২০ লাখ রুপি। ২০২৪ সালের অন্যতম ব্যবসাসফল তামিল সিনেমা হয়ে ওঠে এটি। বিজয় সেতুপতি ও অনুরাগ কাশ্যপের অভিনয় এবং গল্পের প্রশংসা করেন সমালোচকেরা।
খবর রয়েছে এরই মধ্যে সিনেমাটির হিন্দি রিমেকের স্বত্ব কিনেছেন আমির খান । ফলে হলিউড ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই ‘মহারাজা’র নতুন সংস্করণ নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। তবে দুই রিমেকের অভিনয়শিল্পী, পরিচালক ও মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
মূল ‘মহারাজা’ বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।


