মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে আটকে পড়েছেন ১৫ জন বাংলাদেশি নাবিকসহ মোট ২৫ জন ক্রু। তাদের একজন বাংলাদেশি নাবিক মোহাম্মদ জাহিদ হোসেন ভিডিও ভার্তায় জানান, চুক্তি শেষ হলেও ভিসা জটিলতায় তারা দেশে ফিরতে পারছেন না।
নোয়াখালী সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নের এই বাসিন্দা বলেন, গত দুই মাস ধরে হরমুজ প্রণালিতে অত্যন্ত ভয়াবহ ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যুদ্ধাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পাশাপাশি দেশের ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আরব আমিরাতের ভিসা জটিলতা।
প্রণালিতে আটকে পড়া জাহাজে থাকা ২৫ জন নাবিকের মধ্যে ১৫ জন বাংলাদেশি, আটজন ফিলিপিনো এবং দুইজন ভারতীয়।
জাহিদ হোসেন জানান, অনেক নাবিকের জাহাজে চাকরির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও কোম্পানি তাদের দেশে পাঠাতে পারছে না। আরব-আমিরাতের দুবাই পোর্ট মেরিনারদের সাইন-অন (জাহাজে ওঠা) এবং সাইন-অফের (জাহাজ থেকে নামা) প্রধান কেন্দ্র।
বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা থাকায় তারা জাহাজ ছাড়তে পারছেন না জানিয়ে জাহিদ বলেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, একই জাহাজে থাকা ভারত ও ফিলিপাইনের নাগরিকরা কোনো সমস্যা ছাড়াই সাইন-অন ও সাইন-অফ করতে পারছেন।’
আটকে পড়া নাবিকদের পক্ষ থেকে তিনি বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে জরুরি হস্তক্ষেপের অনুরোধ করেছেন। জাহিদ হোসেন বলেন, ‘আমাদের পরিবার-পরিজন আমাদের নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সরকারের কাছে অনুরোধ, এই ভিসা জটিলতা নিরসনে দ্রুত কাজ করুন যাতে আমরা নিরাপদে দেশে ফিরতে পারি।’
তিনি আরও জানান, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সি-ফেয়ারার্স ইউনিয়ন ব্যক্তিগতভাবে তাদের খোঁজখবর রাখছে। তবে এই সংকট সমাধানে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পর্যায় থেকে শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ এখন সময়ের দাবি।


