একদফা বাড়ার পর দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির সময় বাড়ানোর পর তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
এতে সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
এর আগে, গত ১৫ এপ্রিল ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। এই দাম বাড়ানোর আটদিন পর এখন দাম কমানো হলো।
দেশের বাজারে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


