সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তারিখ পেছানো হয়েছে।
আগামী ১৩ ও ১৪ মে এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।
রোববার আইনজীবী সমিতির দক্ষিণ হলে বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী, ভোট গ্রহণের দিন পিছিয়ে নতুন করে তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনে আগামী ১১ ও ১২ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। এ বিষয়ে ১৮ ফেব্রুয়ারি সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন স্বাক্ষরিত নোটিশও জারি করা হয়েছিল।
তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। রোববার ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন।
তবে, রমজান মাস উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে ভোট গ্রহণের তারিখ পেছানো হলো।


