সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে ছিলেন সাধারণ যাত্রীরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় শহর দিয়ের আল-জোরের সঙ্গে রাজধানী দামেস্ককে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক অভিযান চালান। গুরুতর আহতদের হোমস সামরিক হাসপাতালে নেওয়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টারও ব্যবহার করা হয় বলে সানার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা ও মহাসড়কের নাজুক অবস্থার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের ফলে সিরিয়ার সড়ক ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
সিরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
তিনি সে সময় মন্তব্য করেন, বর্তমানে দেশটিতে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।


