সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও কর্তব্যরত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার রাতে তালা উপজেলার হাজরাকাটি গ্রামে এই ঘটনা ঘটে। পরে তালা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
জানা গেছে, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করে আসছিলেন। তার সহযোগিতায় আগে একাধিক মাদক কারবারি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। মাদকের তথ্য থানা পুলিশকে জানানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত শনিবার রাতে হাজরাকাটি বাজারে গ্রাম পুলিশ সোহেলকে হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করা হয়।
এ ঘটনায় সোহেল তালা থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরে রোববার রাতে এসআই তপনের নেতৃত্বে পুলিশের একটি দল হাজরাকাটি গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করলে তার সহযোগী অন্য মাদক কারবারিরা সংবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। তারা মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।
পরিস্থিতি অবনতির খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা নুরুল ইসলাম বিশ্বাস ওরফে নুরুর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে, এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এসআই তপন জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর মব সৃষ্টি ও মাদক সংশ্লিষ্টতায় হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁকে আটক করা হয়েছে।
ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা জিডির ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের উপর মব সৃষ্টি করা হয়। সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


