সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি নাগরিকদের চিহ্নিতকরণ, নির্বাসন ও পুশব্যাকের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান ও বিধায়ক বদরুদ্দিন আজমল।
এই প্রক্রিয়াটিকে তিনি বেআইনি এবং সংবিধান পরিপন্থী বলে বর্ণনা করেছেন। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে এনই’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই সংক্রান্ত প্রশ্নের জবাবে আজমল বলেন, তিনি এর আগে যে তথ্যের কথা উল্লেখ করেছিলেন তা সরকারি তথ্যের ওপর ভিত্তি করে ছিল এবং পরবর্তীতে তিনি এর সঠিক পরিসংখ্যান দেবেন।
আজমল বলেন, ‘পুশব্যাক সম্পূর্ণ বেআইনি; এটি অবৈধ। এটি ভুল এবং এটি হওয়া উচিত নয়। এটি একটি অত্যাচার।’
তিনি জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ এবং নির্বাসনের ক্ষেত্রে সমস্ত পদক্ষেপ অবশ্যই আইনের শাসন ও সাংবিধানিক মূল্যবোধের দ্বারা পরিচালিত হতে হবে।
এআইইউডিএফ নেতা অভিযোগ করে বলেন, ‘বর্তমান যুগে পৃথিবী চলে আইনের নিয়মে এবং সংবিধানের মাধ্যমে। আমাদের ভারতের সংবিধানের ক্ষেত্রে, যারা এই কাজগুলো (পুশব্যাক) করছেন তারা সংবিধানকে সম্মান করেন না।’
আসাম ও অন্যান্য সীমান্ত রাজ্যগুলো থেকে ‘অবৈধ বাংলাদেশি’ নাগরিকদের চিহ্নিতকরণ ও নির্বাসনের জন্য গৃহীত পদক্ষেপগুলো নিয়ে চলমান আলোচনার মধ্যেই আজমলের এই মন্তব্য সামনে এল।


