সাভারে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ, ছোরা ও বিপুল পরিমাণ মাদকসহ দুই অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম।
গ্রেপ্তার দুজন হলেন দিনাজপুরের হাকিমপুরের রাসেল বাবু (২২) ও গাইবান্ধার সাদুল্লাপুরের সজীব সরকার (২০)। তারা সাভারের পশ্চিম রাজাশন এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
ডিবি জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি শটগানের কার্তুজ, একটি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআর।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে অস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম জানান, রাজাশন পালোয়ানপাড়া এলাকায় মাদকের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


