বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।
মৃত শিশুরা হলো- উপজেলার দারিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) এবং মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)। একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় দারিয়াতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে মাছের খাবার দিতে গিয়ে ঘেরের পানিতে তাদের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


