যাত্রীবাহী লঞ্চে অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। মঙ্গলবার বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার এক অসুস্থ ব্যক্তি ঢাকা থেকে চিকিৎসা শেষে বরিশালগামী ‘এমভি এম খান-৭’ লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওনা করেন। রাত ২টায় লঞ্চটি চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এসময় লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেন। পরবর্তীতে, রোগীকে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটে চাঁদপুর লঞ্চঘাটে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।


