রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত।
এ হাসপাতালের উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার বিকালে রাজশাহী মহানগরীর রানীনগরে অবস্থিত সিটি হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ আশ্বাস দেন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। এ সময় হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন পরীক্ষাগার, ওয়ার্ড, কেবিন ও অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। হাসপাতালের অবকাঠামো ও সেবার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার পর এটিকে আধুনিকায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, রাসিক প্রশাসক তাকে হাসপাতালটি পরিদর্শনে নিয়ে এসেছেন। হাসপাতালটি আয়তনে বড় হলেও ভবন অনেক পুরোনো। বিগত দিনে অযত্ন ও অবহেলার কারণে এখানে যথাযথভাবে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের এ হাসপাতালকে ঘিরে অনেক স্বপ্ন ও বড় পরিকল্পনা রয়েছে। তার পরিকল্পনাগুলো বাস্তবসম্মত বলে মনে হয়েছে। প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালটির উন্নয়নে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা করা হবে। সিটি হাসপাতালকে রাজশাহীর অন্যতম প্রধান হাসপাতালে পরিণত করার সম্ভাবনা দেখছেন তিনি।
এদিকে, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি সরকারের আমলে প্রকল্পটির সূচনা হওয়ায় পরবর্তী সরকারের সময়ে হাসপাতালটির উন্নয়ন হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে রূপ দিতে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করবেন। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী হাসপাতালটির আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। এ উদ্যোগ বাস্তবায়নে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবং সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বনি উপস্থিত ছিলেন।
এ ছাড়া বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


