রাশিয়ার আমুর অঞ্চলে কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চীন ও রাশিয়ার নাগরিকও রয়েছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ আগস্ট আমুর অঞ্চলে অবস্থিত গ্যাস ফিল্ডটিতে ওই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিকের নাম জাকির হোসেন। তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। এ ছাড়া মেহেরপুরের গাংনীর বাসিন্দা মোহাম্মদ আলাল হোসেন রাজু এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আনুমানিক ৩৫ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। গুরুতর আহত এসব বাংলাদেশি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য মস্কোতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোর বাংলাদেশ দূতাবাস আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দূতাবাস ইতোমধ্যে একটি হটলাইন চালু করেছে এবং সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরত অন্যান্য বাংলাদেশি নাগরিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছে।
নিহত জাকির হোসেনের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে তার বকেয়া পাওনা ও ক্ষতিপূরণের বিষয়ে এলএলসি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মী ও তাদের পরিবারের প্রতি এবং রাশিয়ার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


