রায়েরবাজারে ফের সেনাবাহিনীর অভিযান, গ্রেপ্তার ১১

রায়েরবাজারে ফের সেনাবাহিনীর অভিযান, গ্রেপ্তার ১১
রায়েরবাজারের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ মামলার আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলি এলাকায় এ অভিযান চালানো হয়। এই এলাকায় ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি ছিল দ্বিতীয় অভিযান।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রুবেল ওরফে সিটি রুবেল (৪০)। তার ‍বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন— জয় (২২), কুদরত (২০), রতন (২২), মো. জয় হাসান (২২), সাহদুল (২৪), রাসেল (১৮), মো. আল-আমিন (২২), মো. বেলাল হোসেন (২৫), ফারুক (২৫) ও কাউসার (২৪)। অভিযানে তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো চাপাতি এবং ৪৮৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রায়েরবাজার এলাকায় ‘কিশোর গ্যাং’ ও সন্ত্রাসীদের কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল। ধারাবাহিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তার ব্যক্তিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজসংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে জানানোর আহ্বান জানান ওই সেনা কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad