বান্দরবনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আদিলুর রহমান খান

বান্দরবনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আদিলুর রহমান খান
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

২০২৪ সালের জুলাই বিপ্লবে ‘শহীদদের’ স্বপ্ন বাস্তবায়নের জন্য আসন্ন ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। দেশকে ফ্যাসিস্টমুক্ত রাখতে সবাইকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

শুক্রবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোট বিষয়ক প্রচারণা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন।

আদিলুর রহমান খান বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটারদের দুটি ভোট দিতে হবে। একটি ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। আর অন্য ভোটটি হবে আগামী ১০০ বছরের জন্য দেশকে ফ্যাসিবাদমুক্ত রাখার একটি পথ বেছে নেওয়া।

আরও পড়ুন

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন– দেশকে বদলাবেন, নাকি ফ্যাসিস্টদের আবার সুযোগ করে দেবেন। এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।

এর আগে বৃহস্পতিবার রাতে বান্দরবান পৌঁছান উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার সচিব। শুক্রবার সকালে তারা জেলা সদরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিসৌধে ফুল ও পুষ্পস্তবক দেন।

পরে তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ভূ-উপরিস্থিত পানি শোধনাগার, পৌর পানি সরবরাহ লাইন স্থাপন কার্যক্রম এবং এলজিইডি বাস্তবায়িত সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স পরিদর্শন করেন।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার আবদুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad